কুমিল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬ পিএম

কুমিল্লার মুরাদনগরে স্বামী সুমন মিয়া ও তার বন্ধু সাদ্দাম হোসেনকে মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রী আঁখি আক্তারকে দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের মা খোরশেদা বেগম বাদী হয়ে রোববার বিকেলে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা ও পরিবারের সূত্রে জানা যায়, পরমতলা গ্রামের মনু মিয়ার মেয়ে আখি আক্তারকে (২৮) ১২ বছর আগে বিয়ে করেন পাশের দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের শহীদ মিয়ার ছেলে সুমন মিয়া (৩০)। বিয়ের কিছুদিন পরেই আঁখি আক্তার টের পায় তার স্বামী মাদকাসক্ত। স্বামীকে মাদক থেকে ফিরিয়ে আনতে স্বজনদের নিয়ে চেষ্টা করেন। এরই মধ্যে তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলের জন্ম হয়। কিন্তু মাদক থেকে ফিরে আসেনি সুমন। উল্টো তার বন্ধু একই গ্রামের সাদ্দাম হোসেনকে নিয়ে মাদক সেবনে বেপরোয়া হয়ে ওঠে সে। শনিবার সন্ধ্যায় বসত ঘরে সাদ্দাম ও সুমন মিলে মাদক সেবন করতে গেলে আঁখি আক্তার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বটি দিয়ে কুপিয়ে আঁখি আক্তারকে আহত করে। প্রতিবেশীরা এসে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার রাত দেড়টায় আঁখি মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা বলেন, মাদক সেবনে বন্ধুর সামনে বাধা দেওয়ায় সুমন মিয়া স্ত্রী আঁখি আক্তারকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় সাদ্দাম হোসেন তাকে সহায়তা করে। কৌশলে দু’জনেই আটক হওয়ার পর ওই স্বীকারোক্তি দেয় সুমন। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত