পঞ্চগড় উপজেলা সদরের মমিনপাড়া ভারতীয় সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রবিবার রাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ওই সীমান্তের ৪৫৩ মেইন পিলার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানানো হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, রবিবার রাত ৯ টার দিকে তিনজন মমিনপাড়া সীমান্তের কাছে যান। এ সময় মমিনপাড়া সীমান্তের বিপরীতে ভারতের সিপাইপাড়া মহল্লার ভারতীয় নাগরিকেরা তাদের আটক করেন। পরে এদের দুজন পালিয়ে আসেন। তবে ওমর ফারুক নামে এক পুলিশ সদস্যকে আটক করে ভারতের চানাকিয়া বিএসএফ সদস্যদের হাতে তুলে দেন ভারতীয় নাগরিকেরা।
বিএসএফের কাছে আটক পুলিশ সদস্য ওমর ফারুক পঞ্চগড় জেলা জজ আদালতে নিরাপত্তার দায়িত্বে কর্মরত বলে জানা গেছে।
এ ঘটনায় যোগাযোগ করা হলে নীলফামারী ৫৬ বিজিবি অধিনায়ক ফোন ধরেননি। কোন বিজিবি বা পুলিশ কর্মকর্তাও কথা বলতেও রাজি হননি।
তবে পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, কোন পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে গেছে কি না, তা বিজিবির পক্ষ থেকে এখনো জানানো হয়নি। এ ক্ষেত্রে আমাদের কাছে নাম ও ছবি দিয়ে জানানোর কথা। এ বিষয়ে আমরাও খোঁজ খবর নিচ্ছি।
