‘ফ্রি ফায়ার’ খেলাকে কেন্দ্র করে ছেলের বন্ধুদের পিটুনিতে বৃদ্ধ বাবা নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৩ পিএম

নরসিংদীর বেলাবতে ‘ফ্রি ফায়ার’ মোবাইল গেমকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে ছেলের বন্ধুদের পিটুনিতে আবুল হোসেন আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন আবু উপজেলার পাহাড় উজিলাব গ্রামের মৃত আলফত আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে পাহাড় উজিলাব গ্রামের আবুল হোসেন আবু মিয়ার ছেলে  স্বপন মিয়ার মোবাইলের ফ্রি ফায়ার গেইম খেলার আইডি হ্যাক করে প্রতিবেশি গিয়াস উদ্দীনের ছেলে মুরাদ মিয়া, মানিক মিয়ার ছেলে জুরাইদ, রহিম উদ্দীনের ছেলে মুকুল মিয়া নামের কয়েকজন সহপাঠী। পরে তাদের কাছ থেকে আইডি উদ্ধার করলে পুনরায় আবারও স্বপন মিয়ার আইডি হ্যাক করে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে স্বপন মিয়ার সঙ্গে পুনরায় ঝগড়া হয় তাদের।

সোমবার সকালে মুকুল মিয়া, জুনাইদ, আমজাদ, মোবারক, রুবেল মিয়া, মালেক, ধন মিয়া সহ সহ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আবুল মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় হামলাকারীরা আবুল হোসেন আবু (৭০)কে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা। এ সময় নিহতের স্ত্রী হালিমা আক্তার (৫৫), ছেলে স্বপন মিয়া (২০), রিপন মিয়া (২৫), মেয়ে সাবিনা আক্তার (২২) কে পিটিয়ে আহত করে হামলাকারীরা। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। 

নিহতের স্ত্রী হালিমা আক্তার বলেন, আমার ছেলে স্বপন মিয়ার সঙ্গে মোবাইলের গেম নিয়ে ঝগড়া ছিল প্রতিবেশী মুরাদ, জুরাইদ, রুবেল,মালেক, আমজাদের। তারাই  সকালে আমার বাড়িতে হামলা করে আমাদের সবাইকে মারপিট করে। তাদের পিটুনিতেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহরিয়ার জানায়, বৃদ্ধ ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

বেলাব থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সাফায়েত হোসেন পলাশ বলেন, নিহতের ছেলের সঙ্গে বন্ধুদের ঝগড়া ছিল। এই জেরেই আজকের ঘটনা হয়েছে। আমরা লাশের সুরতাল করে হাসপাতাল থেকে নিহতের লাশ ময়না তদন্তর জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। নিহতের পরিবার এ ঘটনায় এখনো থানায় এসে মামলা দায়ের করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত