বিজেপিতে যোগ দেওয়ায় রুদ্রনীল ঘোষের ওপর খেপেছেন সোহম চক্রবর্তী। টলিউডের দুই অভিনেতার মধ্যে আগ থেকেই রেষারেষি। নতুন করে সেটিকে উসকে দিলেন বোঝে না সে বোঝে না খ্যাত তারকা।
নতুন ছবি ‘মিস কল’-এর প্রচারের সময় সোহম বলেন, ‘গেরুয়া শিবিরে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষকে নিষিদ্ধ করা হোক টলিউডে। সবাই বলুক যে, রুদ্রনীল যতক্ষণ ফ্লোরে থাকবেন, তারা কেউ কাজ করবেন না!’
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীনের যুব তৃণমূলের (টিএমসি) সহ-সভাপতি সোহম চক্রবর্তী। একই শিবিরে ছিলেন রুদ্রনীলও। এখন একজন বিজেপিতে যোগ দেওয়ায় খেপেছেন আরেকজন।
সম্প্রতি টলিউডে ‘মাফিয়ারাজ চলছে’ বলে মন্তব্য করেছিলেন রুদ্রনীল। তার প্রেক্ষিতেও তাকে একহাত নিতে পিছপা হননি সোহম। ‘মিস কল’-এর প্রচারের সময় উঠে এলো বিষয়টি।
বৃহস্পতিবার হাওড়ায় বিজেপির সদর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে রুদ্রনীল ঘোষ অভিযোগ তুলেছিলেন, ‘টলিউডে মাফিয়ারাজ চলছে। ইন্ডাস্ট্রিতে যাদের দায়িত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বসিয়েছেন, তারাই নিজেদের আধিপত্য বিস্তার করে জোরজুলুম শুরু করছে। স্বজনপোষণ করছে। সেই কারণেই প্রযোজকেরা কলকাতা থেকে চলে যাচ্ছেন।’
এর প্রতিক্রিয়ায় সোহমের ভাষ্য, ‘রুদ্রনীল যে ইন্ডাস্ট্রিতে মাফিয়ারাজ চলার অভিযোগটা তুললেন, তিনি কি ভুলে গিয়েছেন, যে করোনার সময়ে কত মানুষ খেতে পাননি? একটা গোটা ইন্ডাস্ট্রির মুখ চেয়ে বসেছিলেন কত লাখ মানুষ! তাঁদের কর্মসংস্থানের জন্য সরকার পাশে দাঁড়িয়েছে। যাতে মানুষ কিছু রোজগার করতে পারে।’
তিনি বলেন, ‘আমি কিংবা রুদ্রনীল- আমরা তো একটা করে ভ্যানিটি ভ্যান পাই। কিন্তু ওই মানুষগুলো? তাঁদের মুখ থেকে সেটুকু অন্নও কেড়ে নিতে চান রুদ্রনীল?’
পদ্ম শিবিরের রুদ্রনীলের উদ্দেশে সোহম প্রশ্ন ছুড়ছেন, ‘এতদিন ধরে সমস্যা হলে, আগে কেন বলেননি? বিরোধী শিবিরে নাম লিখিয়ে এখন তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন?’
২০১৬ সালে নির্বাচনে হেরে গেলেও তৃণমূলে তার বেশ কদর। আসন্ন বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের ভোটের দায়িত্বও রয়েছে সোহমের কাঁধে।
