দুর্নীতি বন্ধের দাবি

খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির অবস্থান ধর্মঘট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:১২ এএম

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) পরিকল্পিত আবাসন প্রকল্প গড়ে তোলা এবং নিয়মবহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, দীর্ঘসূত্রতা ও দুর্নীতি বন্ধ ও কেডিএর চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগসহ বিভিন্ন দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা কেডিএর সামনে এ অবস্থান ধর্মঘট পালিত হয়। অবস্থানে ধর্মঘটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কেসিসির কাউন্সিলর, পেশাজীবী, সামাজিক ও নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় সমাবেশে বক্তারা বলেন, খুলনা সিটি করপোরেশন একটি জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান, এর সঙ্গে কেডিএ, ওয়াসা, বিদ্যুৎ, টেলিফোন, সড়ক ও জনপথের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন না হলে সব সেবা থেকে খুলনা নগরবাসী বঞ্চিত হবে।

বক্তারা কেডিএর চেয়ারম্যান হিসেবে স্থানীয় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে খুলনার উন্নয়ন গতিশীল করা, কেডিএর প্রকল্প বাস্তবায়নে জনভোগান্তি এবং অপরিকল্পিত আবাসন প্রকল্প ও নিয়ম বহির্ভূত বহুতল ভবন নির্মাণ বন্ধসহ ৫০ বছরের উন্নয়নকে সামনে রেখে পরিকল্পিত নগর পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শিক্ষাবিদ অধ্যাপক মো. জাফর ইমাম, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল সিংহ রায়, মহিলা দলের সভাপতি অধ্যক্ষ রেহেনা আক্তার, কেসিসির প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত