সিলেটে সৎমা ও ভাই-বোনকে কুপিয়ে হত্যা, কিশোর আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৯ এএম

সিলেটে সৎমা এবং ভাই-বোনকে কুপিয়ে হত্যার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নগরীর শাহপরান থানার বিআইডিসি এলাকার মীর এলাকায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা বেগম (৯) ও ছেলে তাহসিন (৭)।

আটক মাহবুব হোসেন আবাদ (১৭) বিয়ানীবাজারের আবদাল হোসেন বুলবুলের ছেলে। পেশায় মুদি ব্যবসায়ী আবদাল তখন বাড়ির পাশে দোকানে ছিলেন।

শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বাড়িতে শোয়ার ঘরের বিছানায় পড়ে থাকা মা রুবিয়া ও মেয়ে মাহার লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন ছিল।

তিনি জানান, মা-মেয়ের লাশের পাশে সাত বছরের শিশু তাহসিন ছুরিকাঘাতে আহত অবস্থায় কাতরাচ্ছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওসি বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে আবাদ ছুরি দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কুপিয়ে জখম করলে তারা নিহত হন।’

তিনি জানান, শয়নকক্ষের খাটের তোশকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় পুলিশ ওই কিশোরকে আটক করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত