চট্টগ্রামের আনোয়ারায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশরাফ উদ্দীন (১৮) নামের এক ছাত্রলীগকর্মী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের মা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আশরাফ উদ্দীন নোয়াখালী জেলার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। তিনি আনোয়ারার শিলাইগড়া গ্রামে মামার বাড়িতে থেকে নগরীর দিলোয়ারা জাহান মেমোরিয়াল কলেজের এইচএসসি ২য় বর্ষে পড়াশোনা করতেন।
এ ঘটনায় অভিযুক্ত নয়ন সরকার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক উপ-সম্পাদক। তিনি চাতরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রঘু নাথের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দলের জেরে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরের মা কমিউনিটি সেন্টারের সামনে আশরাফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন লোক।
এতে আশরাফ গুরুতর আহত হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ছুরিকাঘাতে আহত আশরাফ নামের একজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
নিহত আশরাফের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের। তিনি বলেন, আশরাফ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তিনি ছাত্রলীগের মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন।
এদিকে, ছাত্রলীগ কর্মী আশরাফ হত্যার বিচার দাবিতে শনিবার সকাল ১১টায় উপজেলার সিংহরা রাস্তার মাথা এলাকায় বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।
এ সময় আনোয়ারা-বরকল সড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগের কর্মীসহ তার অনুসারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খুনের ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
