নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরে একটি বাড়ি একটি খামারের অফিস সহায়ক রাকিবুল ইসলামকে পিস্তল ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা ভূমিসেবা সপ্তাহ ক্যাম্পের অস্থায়ী মঞ্চে আগুন দেওয়া হয়। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবির আলীকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ ভবনের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় দুই-তিনজন গিয়ে তার পরিচয় জানতে চায়। তিনি পরিচয় দেওয়ার পর পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ভূমিসেবা সপ্তাহ ক্যাম্পের অস্থায়ী মঞ্চে গিয়ে আগুন দিয়ে চলে যায় তারা। পরে উপজেলা ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, ভুক্তভোগী রাকিবুল ইসলাম এবং উপজেলা ভূমি অফিস কর্তৃক থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
