টিজারে শ্বাসরুদ্ধকর ‘অপারেশন সুন্দরবন’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪ পিএম

জমকালো আয়োজনে মঙ্গলবার রাতে উন্মুক্ত হয়েছে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’-এর টিজার। এটি তার দ্বিতীয় ছবি।

সুন্দরবনকে জলদস্যুমুক্ত করা নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর গল্প এটি। দেড় মিনিটের টিজারে একের পর এক দৃশ্যে দেখা গেছে ঢাকার বড় তারকাদের, সঙ্গে বাহিনীটির অপারেশনের দৃশ্য।

রাজধানীর আর্মি গলফ ক্লাবে ছবিটির টিজার প্রকাশ ও ওয়েব সাইট উন্মোচন অনুষ্ঠান হয়। সেখান থেকে আসে মুক্তির চূড়ান্ত ঘোষণাও।

২০২০ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা করোনার কারণে পিছিয়ে যায় ‘অপারেশন সুন্দরবন’। সবকিছু ঠিক থাকলে মুক্তি পাবে সামনের ঈদুল আজহায়।

এ নিয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, “অপারেশন সুন্দরবন’ মুভিটির মাধ্যমে র‌্যাবের সুন্দরবনের দুঃসাহসিক সব অভিযানের পাশাপাশি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় দস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন নিয়ে সাধারণ মানুষের ভয় ছিল। সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুমুক্ত। র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। আগামী কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে।”

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রোশান ও নুসরাত ফারিয়া। সিয়াম ও রোশান র‍্যাব কর্মকর্তার চরিত্রে আছেন। এ জন্য দুজন র‍্যাব হেডকোয়ার্টারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। নুসরাত ফারিয়া অভিনয় করেছেন একজন বাঘ গবেষক হিসেবে। 

‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে র‍্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরার একাধিক লোকেশনে ছবির শুটিং হয়েছে। এর মধ্যে আছে সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর ও মোংলা।

আরও অভিনয় করেছেন রিয়াজ, তাসকিন রহমান, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ ও মনোজ প্রামাণিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত