সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার সকালে ইটভাঙা মেশিন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এ সময় ৫ শ্রমিক আহত হয়েছেন।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে নবম শ্রেণির ছাত্র মেহেদী হাসান (১৫) ও একই গ্রামের শামীম হোসেনের ছেলে অষ্টম শ্রেণির ছাত্র নাঈম হোসেন (১৪)।
এ বিষয়ে বহুলী ইউনিয়নের সদস্য রেজাউল ইসলাম জানান, স্কুল ছুটি থাকার কারণে কয়েকজন স্কুলছাত্র ইটভাঙা শ্রমিকের কাজ করত। তারা ইটভাঙার মেশিনে কর্মস্থলে যাওয়ার সময় ডুমুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭ জন শ্রমিক আহত হয়।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুরে মেহেদী এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈম মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
