আমেরিকা থেকে দেশে এসে অনেকে টিকা নিয়েছেন: শামীম ওসমান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৬ পিএম

কোভিড-১৯ প্রথম ধাপের ভ্যাকসিন (করোনা টিকা) গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় শামীম ওসমান সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্য দেশে মানুষ টাকা দিয়েও টিকা পাচ্ছেন না। অথচ আমাদের দেশে বিনা মূল্যে টিকা দেওয়া হচ্ছে। আমার পরিচিত অনেকে আমেরিকা থেকে বাংলাদেশে এসে টিকা গ্রহণ করেছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান আরও বলেন, আল্লাহ আমাদের পরীক্ষার জন্যই এ ধরনের রোগ দেন। এতে প্রতীয়মান হয় যে, আমাদের কোন ক্ষমতা নেই। করোনার সময়ে আমরা দুই ধরনের মানুষ দেখেছি। এক ধরনের মানুষ স্বার্থপর। আরেক ধরন মানুষের জন্য নিবেদিত। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে পরিচালিত হব।

তিনি বলেন, আমি সবাইকে বলবো আপনারা সবাই টিকা নেন। এতে ভয় পাবেন না। নারায়ণগঞ্জে ৪৫ হাজার মানুষ টিকা গ্রহণ করেছেন। আমরা চাই আরও এগিয়ে আসুক মানুষ।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, টিকা গ্রহণের বিষয়টি প্রচারের কারণে সাংবাদিকরাও আল্লাহর রহমত পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত