ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এতে পাটুরিয়া প্রান্তে প্রায় সাড়ে ৭ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
তবে বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের সংখ্যাও বাড়ছে। এর আগে শক্রবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, সাপ্তাহিক বন্ধের দিন আসলেই ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ বেড়ে যায়। এর মধ্যে সকাল থেকে ঘন কুয়াশা পড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে দেড় ঘণ্টা বন্ধ রাখার পর শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পাটুরিয়া ঘাটের কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাটুরিয়া প্রান্তে ৮০টির মতো যাত্রীবাহী বাস, ৬০টি ব্যক্তিগত যানবাহন, ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরও ৩ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস পারাপার করার পর পণ্যবাহী ট্রাক পারাপার করা হবে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। বর্তমানে ছোটবড় মিলে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।
