চট্টগ্রামে কৃষিমন্ত্রী

কৃষি উৎপাদন বৃদ্ধিতে কর্মসূচি নেওয়া হয়েছে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৫ এএম

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, চট্টগ্রাম অঞ্চলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতে ৭২৫ কিলোমিটার খালকাটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া অঞ্চলভিত্তিক কৃষি বহুমুখীকরণ ও কৃষিকে আরও লাভজনক করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, চট্টগ্রাম অঞ্চলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতে ৭২৫ কিলোমিটার খালকাটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া কৃষিকে আধুনিকীকরণ ও বহুমাত্রিক করতে ২১১ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের সুফল প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছে পৌঁছতে হবে। প্রকল্পের সঙ্গে কৃষকের যোগাযোগ বাড়াতে হবে।

অঞ্চলভিত্তিক কৃষি বহুমুখীকরণ ও কৃষিকে আরও লাভজনক করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য এবং পুষ্টির জোগান দিতে সমন্বিত চাষ বাড়াতে কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার পাশাপাশি কৃষকদের কাছে যেতে হবে। তাদের কথা শুনতে হবে। বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে প্রাকৃতিক দুর্যোগে কৃষি উৎপাদন কিছুটা ব্যাহত হয়। তাও নিরসনের চেষ্টা চলছে। কৃষি শুধু মানুষের খাদ্যের জোগান দেয় না, শিল্পের কাঁচামালেরও অন্যতম উৎস কৃষি। তাই কৃষিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা মহামারী মোকাবিলায় কৃষি অন্যতম সহায়ক খাত হিসেবে কাজ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত