বন্ধুর বাড়ি যাওয়া হলো না, সড়কেই লাশ দুই মোটরসাইকেল আরোহী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫২ এএম

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রেল স্টেশনের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরাজ (২৮) ও মো. ফাহাদ (২৪)। তারা যথাক্রমে বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক বাইপাস সড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। আড়ংঘাটা বাইপাস সড়কের গ্যাস ফিল্ড হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে রেলওয়ে সড়ক সংলগ্ন স্থানে পৌঁছালে আফিল গেট থেকে রূপসা সেতুগামী একটি ট্রাক সাতক্ষীরা (ট-১১-০২৩৭) মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

এরপর ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে তারা বরিশাল থেকে যশোরে বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

আরোহীরা বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরের বাসিন্দা।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাস্থলেই দুই যুবক মারা গেছেন। ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত