বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক একজাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যের মৃত্যু হয়েছে।
বাবুগঞ্জ ফায়ার স্টেশনের লিডার নুরুজ্জামান শরীফ জানান, নিহত মোবারক হোসেন হাওলাদার (৭০) এনএসআইয়ের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত থেকে অবসরে যান। তিনি বরিশাল সদরের পাংশা এলাকার বাসিন্দা।
শনিবার দুপুর ১২ টার দিকে বরিশাল ক্যাডেট কলেজ ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের মধ্যবর্তীস্থানের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবারক মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পেছন থেকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মোবারকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে, মোবারক হোসেনকে বহনকারী মোটরসাইকেলটিকে প্রথমে একটি বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে মোবারক আলী রাস্তায় ওপর পড়ে গেলে দ্রুতগামী সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের বাধায় রহমতপুর ব্রিজ এলাকায় বাসটি রেখে পালিয়ে যায় এর চালক ও তার সহকারী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, মৃত ব্যক্তি এনএসআইয়ের অবসরপ্রাপ্ত সদস্য। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে।
