শতবছরের সরকারি রাস্তা দখল করে ইউপি সচিবের নির্মাণ করা তিনতলা একটি ভবন গুঁড়িয়ে দিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের গুণানন্দি গ্রামে ২৮ ফুট চওড়া ওই রাস্তা উদ্ধারের জন্য গতকাল মঙ্গলবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, গুণানন্দি গ্রামের ওই সরকারি রাস্তা বন্ধ করে তিনতলা ভবন নির্মাণ করেন একই গ্রামের বাসিন্দা, জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন পরিষদের সচিব মো. ইসমাইল হোসেন।
রাস্তা দখল করে ভবন নির্মাণের ফলে গ্রামবাসীর যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। এলাকাবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে। বিএস, সিএস, আরএস খতিয়ানে এটি সরকারি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে। প্রভাব খাটিয়ে ইউপি সচিব রাস্তার ওপর ভবন নির্মাণ করেন। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে ১০-১২টি সালিশ বৈঠক করেও কোনো ফল হয়নি। পরে বিষয়টি মামলায় গড়ালে আদালত সরকারি রাস্তা উদ্ধারের নির্দেশ দেন। এর ফলে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় প্রথমে বাড়িটির গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ভেকু ও বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, বহুবার সালিশ বৈঠক হলেও রাস্তা দখলের বিষয়ে অনড় ছিলেন ইসমাইল হোসেন। অবশেষে রাস্তাটি উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে বলতে গেলে ঈদের আনন্দ বইছে।
ইউপি সচিব ইসমাইল হোসেন বলেন, ‘আমার পৈতৃকসূত্রে প্রাপ্ত জায়গায় বাড়ি করেছি। আজ সরকারি নির্দেশে অভিযান পরিচালিত হচ্ছে। আমি একজন ইউপি সচিব, মিডিয়ায় বক্তব্য দিতে পারি না।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় জানান, বাড়িটি সরকারি রাস্তা দখল করে নির্মাণ করা হয়েছে। একাধিক নোটিস প্রদান করা হলেও বাড়ির মালিক কর্ণপাত করেননি। তাই আজ প্রশাসনের উদ্যোগে বাড়িটি ভেঙে ফেলা হয়।
