পরীক্ষার দাবিতে ডুয়েটের শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৩:৪২ পিএম

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের ভেতরে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সকল অফিস ভবন এবং উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, আইপিই, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক সেশন শেষ হয়ে গেছে। গত বছরের নভেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে ফলাফল প্রকাশিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।

নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত একাডেমিক সূচি অনুসারে গত ২০ জানুয়ারি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়।

যেখানে গত ২৪ ফেব্রুয়ারি থেকে স্ব-শরীরে পরীক্ষা শুরু হওয়া কথা ছিল। কিন্তু গত ২২ ফেব্রুয়ারি সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক সভায় এ পরীক্ষা স্থগিত  ঘোষণা করা হয়।

যেহেতু শিক্ষার্থীরা পূর্বে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ডুয়েটে ভর্তি হয়। সে অনুসারে পরবর্তীতে এ বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন-ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে আরও চার বছর লাগে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এ বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে তিন বছর বেশি লেগে যায়।

ফলে শিক্ষার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কমে যায়। তাই আগামী দুই মাসের মধ্যে ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করতে না পারলে অনেকেই সরকারি চাকরিতে আবেদনের সুযোগ হারাবে।

তারা আরও জানান, শিক্ষামন্ত্রীর ঘোষিত নির্দেশনায় গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ বিবেচনা সাপেক্ষে ২০১৩ সালের এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের স্থগিতকৃত পরীক্ষাসমূহ পুনঃ:গ্রহণের উদ্যোগ নেয় হয়। সেখানে ২০১০ সালের এসএসসি পাসকৃত ডুয়েট শিক্ষার্থীদের ৪র্থ বর্ষের সমাপনী পরীক্ষা স্থগিত রয়েছে। তাই তাদের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে ডুয়েটের উপাচার্য ড. মো. হাবিবুর রহমান জানান, বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে। এখনই কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। সকল বিষয়ে বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত