লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০১:৩৪ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে পড়া না পারার কারণে ইয়াসিন (৮) নামে এক মাদ্রাসা শিশুছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেছেন ওমর ফারুক নামে এক শিক্ষক। গত বুধবার সকালে শহরের নতুন বাজার এলাকায় তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসায় এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার রাতেই আহত শিশুর মা মাদ্রাসা শিক্ষক ওমর  ফারুকের বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শিশুর মা লাভলী বেগম বলেন, আমার ছেলে ইয়াসিন শহরের নতুন বাজার তাহজিবুল উম্মাহ ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বুধবার সকালে শিক্ষকের দেওয়া পড়া না পারার কারণে ওমর ফারুক নামে ওই শিক্ষক আমার ছেলেকে ডিশলাইনের তার দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে। এ সময় তার জামার কলার চেপে ধরে মাদ্রাসার ভেতরে নিয়ে দ্বিতীয় দফায় আবারও পেটায়। খবর পেয়ে আমি মাদ্রাসায় গেলে ছেলে কাঁদতে কাঁদতে আমাকে ঘটনা জানালে তাকে হাসপাতালে ভর্তি করাই।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক পলাতক থাকায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল জলিল বলেন, মাদ্রাসার শিশুছাত্রকে শিক্ষক কর্তৃক পিটিয়ে আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত