চট্টগ্রামের বিয়েতে অতিরিক্ত বরযাত্রীর বিলুপ্তি চান মেয়র রেজাউল

আপডেট : ০৮ মার্চ ২০২১, ১০:২৬ পিএম

বিয়ের অনুষ্ঠানে কনেপক্ষের পরিবারের সামর্থ্য চিন্তা ও বিবেচনা না করে অতিরিক্ত বরযাত্রী ধার্য্য করার বিষয়টিকে কু-প্রথা অভিহিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এর বিলুপ্তি চয়েছেন।

তিনি বলেছেন, আমাদের দেশে এখনো কিছু সামাজিক কু-প্রথা রয়ে গেছে। যার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা না গেলে এসব কু-প্রথা দূর করা যাবে না। এসবের বিলুপ্তি হতে হবে। পাশাপাশি যৌতুক হিসেবে বরকে টিভি, ফ্রিজ, আসবাব কী কী দিতে হবে তার তালিকা কনেপক্ষের হাতে দিয়ে দেওয়া। এটা রীতিমত অপরাধ।

সোমবার সকালে চসিকের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস-২০২১ এর জুম মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

এ সময় অনলাইনে ২৪ ওয়ার্ডে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমাদের সমাজ ব্যবস্থায় এখন কুসংস্কারাচ্ছন্নতা কেটেছে। ফলে দেশের নারী সমাজ দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে এখন দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে। নারীর এই ক্ষমতায়নের মুলে মূখ্য ভূমিকা পালন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে দেশের নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী, সেখানে এ ধরনের কর্মকাণ্ড কাম্য হতে পারে না।

তিনি নারী সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় তার পক্ষ থেকে সব রকম সহায়তা করবেন বলে জানান।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খাঁন, আর্থ-সামাজিক পুষ্টি বিশেষজ্ঞ মো. হানিফ, টাউন ফেডারেশনের চেয়ারপারসন কোহিনুর আকতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত