মাদারীপুরের শিবচরে দুই ছেলের সংঘর্ষ থামাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মান্নান সরকার (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদিরমুন্সীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে আ. মান্নান সরকারের ছেলে চাঁনমিয়া সরকার ও আবু কালাম সরকারের মধ্যে বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল।
আজনদুপুরে বড় ভাই চাঁনমিয়া ঘর নির্মাণের জন্য ইট কিনে এনে বাড়ির এক জায়গায় রাখছিলেন। এ সময় ছোট ভাই আবু কালাম ওই স্থানে ইট রাখা ও ঘর নির্মাণের জন্য বাধা দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উভয়ে একে অপরকে কিলঘুষি মারতে থাকে। এ সময় বৃদ্ধ বাবা আ. মান্নান সরকার দুই ছেলের ঝগড়া থামাতে এগিয়ে আসে। এ সময় বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাইয়ের নাক দিয়ে রক্ত বের হওয়া দেখে তার হৃদ্রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেলে পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানার এসআই রাম প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার হারুন অর রশীদ বলেন, বিকেলে ওই ব্যক্তিকে তার আত্মীয়-স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
শিবচর থানার এসআই রাম প্রসাদ বলেন, স্থানীয় সকলের সঙ্গে কথা বলে জানতে পেরেছি দুই ছেলের ঝগড়া দেখে বৃদ্ধ বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
শিবচর থানার পরিদর্শক আমির হোসেন সেরনিয়াবাত ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
