দেশ রূপান্তরকে আইনি নোটিশ পাঠানোয় ছাত্র ইউনিয়নের নিন্দা

আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৩:৪৭ পিএম

গবেষণায় চৌর্যবৃত্তির সংবাদ প্রকাশ করায় ড. সাদেকা হালিম দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব, প্রকাশক মাহির খান রাতুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর হাসানের নামে আইনি নোটিশ পাঠানোয় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা প্রকাশ করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশের জন্য কাউকে আইনি নোটিশ প্রেরণ সংবাদমাধ্যম ও সাংবাদিকের কণ্ঠরোধ করার প্রয়াস। ড. সাদেকা হালিমসহ অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে যখন গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ আসে তখন শিক্ষকদের কর্তব্য ছিল দলিলাদি পেশ করে অভিযোগটিকে ভিত্তিহীন প্রমাণ করা। কিন্তু তা না করে তারা সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছেন।

তারা আরও বলেন, আমরা দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে আইনি নোটিশ প্রেরণের নিন্দা জানাই। অবিলম্বে আইনি নোটিশ প্রত্যাহার করে দলিলাদি পেশ করে অভিযোগ মিথ্যা প্রমাণের আহ্বান জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে একটি তদন্ত কমিটি করে তার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত