শিশুদের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গল্প শোনাল পুনাক

আপডেট : ১০ মার্চ ২০২১, ১০:৩২ পিএম

রাজধানীর রাজারবাগে শিশু কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি।

বুধবার সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পরিবারের শিশু কিশোরদের এ উপলক্ষে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গল্প শোনায় পুনাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী জীশান মির্জা। এছাড়াও অনুষ্ঠানে পুনাক এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জীশান মির্জা স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের গড়ে তোলা প্রথম প্রতিরোধ যুদ্ধের কথা বলেন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি শিশু কিশোরদের নিয়ে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধে পুলিশের বীরত্বের গল্প শোনান। এছাড়াও অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পুলিশে প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠান আয়োজন করল পুনাক। এ জাতীয় অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের হৃদয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার এক বীজ বপন করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত