মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২১, ০১:১৬ এএম

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নে সংস্কারকাজের সময় ফসলের মাঠে ফেলে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নওশের খন্দকার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। নওশের ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক কামাল হোসেন জানান, ফসলের মাঠের ওপর দিয়ে বিদ্যুতের লাইন টেনেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল ওই লাইন সংস্কারের সময় বিদ্যুতের তার মাঠে পড়ে ছিল। এ সময় মাঠে একটি বাছুর ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। নওশের বাছুরটিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ খবর ছড়িয়ে পড়লে লাইনম্যান কবির মিয়াকে আটক করে এলাকবাসী। এ ছাড়া বরগুনা বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মনিরুল ইসলাম ঘটনাস্থলে গেলে এলাকাবাসীর রোষানলে পড়েন। পরে পুলিশের উপস্থিতিতে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণের আশ্বাস দেন। এ বিষয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বরগুনার উপমহাব্যবস্থপক সাইদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

ওই এলাকার লাইন সংস্কার করছেন ঠিকাদার কবির হোসেন। তিনি জানান, লাইনম্যানের ভুলের কারণে লাইনটি বিদ্যুতায়িত ছিল। যে কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে কবির হোসেন বলেন, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম বলেন, নিহতের পরিবার অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত