ডিএনসিসি

মশক নিধন দেখতে গিয়ে খাল উদ্ধার আতিকের

আপডেট : ১১ মার্চ ২০২১, ০২:০৪ এএম

মশা নিধন অভিযান পরিদর্শন করতে গিয়ে খালও উদ্ধার করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল বুধবার ডিএনসিসির অঞ্চলভিত্তিক সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) পরিদর্শন করতে গিয়ে তিনি কল্যাণপুর ‘চ’ খালে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দেন।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, গতকাল কারওয়ানবাজার (অঞ্চল-৫) অঞ্চলে নিয়মিত মশক নিধন অভিযান পরিচালিত হয় মোহাম্মদপুর রিং রোড, শিয়া মসজিদ এলাকা, রামচন্দ্রপুর খাল এবং আশপাশের এলাকায়। সেখানে পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম মোহাম্মদপুরে আরেকটি জায়গায় মশক নিধন কার্যক্রম দেখার উদ্দেশে রওনা দেন। শ্যামলী সিনেমা হলের বিপরীত দিকের গলি ধরে কিছুদূর এগোতেই দেখা গেল একটি রাস্তার মোড়ে অবৈধভাবে দোকান নির্মাণের কারণে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কল্যাণপুর ‘চ’ খালের দুইপাশের হাঁটার পথে অবৈধভাবে নির্মিত হয়েছে অস্থায়ী কয়েকটি দোকান। মেয়রের নির্দেশে এ দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। খাল ধরে আগারগাঁও ৬০ ফুট রাস্তার সমাজকল্যাণ মোড়ের দিকে কিছুদূর এগোলেই খালের অংশে হাঁটার পথ দখল করার চিত্র চোখে পড়ে। সেখানে ৪০ ফুট খালের ৩৮ ফুট এবং ১৬ ফুট ওয়াকওয়ে মাটি দিয়ে ভরাট করে টিন দিয়ে ঘেরা। জায়গাটি আনুমানিক ১৫ কাঠা। খাল এবং হাঁটার রাস্তা অবৈধভাবে দখল করে টিনের বাউন্ডারি করা এ জায়গাও মেয়রের নির্দেশে সঙ্গে সঙ্গে অপসারণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত