স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের ধোয়া মোছার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি, ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ মাসের যেকোনো দিন স্মৃতিসৌধে আসবেন।
তিনি আরও বলেন, চারটি দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে আসায় ঢাকা, সাভার-আশুলিয়াসহ দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আগমন ঘিরে ইতিমধ্যে স্মৃতিসৌধে ধোয়া-মোছা ও রংতুলির কাজ শেষে হয়েছে। স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়ককে নতুনরূপে সাজানো হচ্ছে। চারটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সরকারের দ্বিপক্ষীয় বৈঠকসহ নানা বিষয়ে আলোচনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
