যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার দুটি বিলে অনুমোদন দিয়েছে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন পরিষদে প্রথম বিলটি ২২৭-২০৩ ভোটে পাস হয়। এই বিলের ফলে যারা ইন্টারনেট, আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী অথবা নির্দিষ্ট ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে আগ্নেয়াস্ত্র কিনবে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই আরও দীর্ঘ করা হয়েছে। এর মাধ্যমে বহুদিন ধরে চলা আইনের একটি ফাঁকা জায়গা পূরণ করা সম্ভব হচ্ছে। রিপাবলিকানদের মধ্য থেকে মাত্র আটজন এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।
আরেকটি বিল পাস হয়েছে ২১৯-২১০ ভোটে। এর ফলে একটি আগ্নেয়াস্ত্র লাইসেন্স করার আগে ফেডারেল ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য কর্র্তৃপক্ষ ১০ দিন সময় পাবে। বর্তমান আইনে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য তিন দিন সময় রয়েছে এবং তা বেশ জটিল প্রক্রিয়া। তিন দিনের মধ্যে ব্যাকগ্রাউন্ড যাচাই করা সম্ভব না হলে অস্ত্র বিক্রি করে ফেলা যায়।
