বাজপেয়ি সরকারের অর্থমন্ত্রী যশোবন্ত এখন তৃণমূলে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ০২:৫৩ পিএম

বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা।

যশোবন্ত বরাবরই নরেন্দ্র মোদি এবং অমিত শাহের সমালোচক হিসেবে পরিচিত। শুক্রবারও তার অন্যথা হয়নি। জোড়াফুলের পতাকা হাতে তুলে নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি।

মোদি-শাহের হাতে পড়ে বিজেপি ‘ব্যক্তিকেন্দ্রিক’ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। দিল্লি থেকে বসে মোদি-শাহ দেশে স্বেচ্ছাচার চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

শনিবার তৃণমূল ভবনে যশোবন্তকে দলে যোগদান করান সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ যশোবন্তকে স্বাগত জানাতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার জন্য আসতে পারেননি। তবে যশোবন্তের মতো নেতাকে দলে পেয়ে তৃণমূল আরও সমৃদ্ধ হল।

ফোনে যশোবন্তের সঙ্গে ৪৫ মিনিট মমতার কথা হয়েছে বলেও জানান সুদীপ। নীলবাড়ির লড়াইয়ে যশোবন্তের তৃণমূলে যোগদান দলের পক্ষে ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

১৯৮৪ সালে জনতা দলের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়া যশোবন্ত বরাবরই গেরুয়া শিবিরের অংশ ছিলেন। তিনি বিজেপির মুখপাত্রও ছিলেন একসময়। অটলবিহারী বাজপেয়ির আমলে অর্থ এবং পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের হাতে দলের রাশ ওঠার পর থেকেই বিজেপির সঙ্গে তার সম্পর্কের অবনতি হতে শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত