প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মাণ শুরু হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’। শুক্রবার বিকেলে নির্মিতব্য ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হল-৩ এ এক জমকালো আয়োজনে এই চলচ্চিত্রের মহরতের আয়োজন হয়। এ সময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ সিনেমাটি প্রযোজনা করছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির পরিচালক অনন্যা রুমা এই চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা।
মহরত অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’ শিরোনামের এই চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা। বঙ্গবন্ধুকন্যার জীবনের বিভিন্ন দিক বাংলা ও বিশ্বের কাছে তুলে ধরতে কাজ করবে এই চলচ্চিত্র। চলচ্চিত্রের মাধ্যমে একটা বার্তা খুব সহজেই সবার কাছে পৌঁছানো যায়। এর একটা আলাদা আবেদন রয়েছে।
ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, শেখ হাসিনা তার বাবার মতোই বাংলাদেশের মানুষদের অত্যন্ত ভালোবাসেন। এ দেশের অর্থনীতিকে একটা শক্ত ভিতে দাঁড় করাতে তিনি কাজ করছেন। তার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছি। যে মহান নেতার কারণে দেশের মানুষের ভাগ্য বদলে যাচ্ছে সেই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে জেনে আমার খুব ভালো লাগছে।
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইতিহাস অনেক মধুর। তার রাজনৈতিক জীবন অনেক বর্ণাঢ্য। তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিদেশে দেশের ভাবমূর্তি উন্নয়ন করছেন। সেই নেতার জীবনের বিভিন্ন দিক এই চলচ্চিত্রে যথাযথভাবে উঠে আসবে বলে আমি আশা প্রকাশ করছি।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনসহ চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা শিল্পী উপস্থিত ছিলেন।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, শিগগিরই ছবিটির শুটিংয়ের কাজ শুরু হবে। নির্মাতা অনন্যা রুমা জানান, মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যর এ চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে অনেক দিনের। সে ইচ্ছে আজ পূরণ হতে চলেছে। আশা করছি দর্শকের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। এ ছবির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক ক্যারিয়ারের নানা অধ্যায় তুলে ধরার চেষ্টা করবো একেবারে ভিন্ন আঙ্গিকে।
