আব্দুর রহমান বদি আমাকে মেরে ফেলার চিন্তা করছেন: ইসহাক

আপডেট : ১৪ মার্চ ২০২১, ০৮:০৮ পিএম

পিতৃপরিচয় মামলায় কক্সবাজারের সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদির আদালতে হাজির না হওয়াকে কৌশল বলে দাবি করেছেন বাদী ও ছেলে দাবিদার মোহাম্মদ ইসহাক।

তিনি বলেছেন, তিনি (বদি) আমাকে মেরে ফেলার চিন্তা করছেন।

আদালত আব্দুর রহমান বদিকে ইমেইলে সমনের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে।

রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ জিয়াউল হক এ আদেশ দেন বলে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।

আইনজীবী মো. নাজিম উদ্দিন জানান, ‘মোহাম্মদ ইসহাকের পিতার পরিচয় দাবি করে দায়ের মামলার সমন গ্রহণ করছেন না সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। এ কারণে ইমেইল যোগে সমন ইস্যুর নির্দেশ দিয়েছেন আদালত।’

আদালত থেকে বের হয়ে মামলার বাদী ও ছেলে দাবিদার মোহাম্মদ ইসহাক জানান, ‘আমার পিতা আলহাজ্ব আব্দুর রহমান বদি অনর্থক সময়ক্ষেপণ করছেন। সমন গ্রহণ করছেন না। আদালতেও আসছেন না। এটি আদালতকে তোয়াক্কা করছেন না। সময়ক্ষেপণ হওয়ার কারণে আমার জীবন সংকটাপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, আমার পিতা আব্দুর রহমান বদি ও তার পরিবার খুবই ক্ষিপ্ত আমার ওপর’।

মোহাম্মদ ইসহাক বলেন, ‘আমার দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালতের জারি করা সমন বিভিন্নভাবে আমার বাবা আবদুর রহমান বদির কাছে পাঠানো হয়েছে। কিন্তু বারবার তিনি সমন পাননি বলে দাবি করেন। এটি তার একটি কৌশল। মূলত এভাবে তিনি কালক্ষেপণ করছেন। এই কালক্ষেপণের উদ্দেশ্যে খারাপ। মূলত কালক্ষেপণ করেই তিনি আমার ক্ষতি করার চিন্তা করছেন। এমনকি তিনি আমাকে মেরে ফেলার চিন্তা করছেন’।

গত বছরের গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়স যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের বাবা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল-বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে।

ওই দিন মামলাটি আমলে নিয়ে মূল-বিবাদী আব্দুর বদিসহ বিবাদীদের ১৪ জানুয়ারি স্বশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছিলেন। ওই দিনও আবদুর রহমান বদি সমনের নোটিশ পাননি বলে আদালতে উপস্থিত হননি। আদালত ১৪ মার্চ তারিখ নির্ধারণ করে। এবার একই কারণে উপস্থিত হননি তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত