গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০১:০৫ এএম

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আহাকি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ঢাকা-সিরাজগঞ্জ রেললাইনের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয়ের অপর এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির নিচে কাটা পড়ে ওই দুই শিশু। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা এবং রেলওয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে।

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মালেক খসরু খান জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে তাদের একটি লাটিম পড়ে ছিল। ধারণা করা হচ্ছে শিশু দুটি রেললাইনের পাশে খেলতে এসে এ দুর্ঘটনায় পড়ে। নিহত দুজনের পরনেই জিন্সের প্যান্ট এবং একজনের কমলা রংয়ের গেঞ্জি রয়েছে। তাদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রেললাইনের ওপর দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত