সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১০:৩৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌরসভার সুবর্ণসাড়া কাঠেরপুল এলাকার একটি মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলের করুন মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী এলাকার মন বাঁশফোরের ছেলে হৃদয় বাঁশফোর (৩৫) ও তার ছেলে বিশাল বাঁশফোর (১৭)।

এ বিষয়ে এলাকাবাসী জানান, সেপটিক ট্যাংকের ভেতরে গ্যাস হয়েছে বুঝতে পেরে হৃদয় বাঁশফোর সংশ্লিষ্টদের জানায় সেপটিক ট্যাংকের ভেতরে কেরোসিন দিতে হবে। কেরোসিন নিয়ে আসতে দেরি হওয়ায় হৃদয় ট্যাংকে নেমে পরেন। কিছু সময়ের মধ্যে বাবার সাড়া না পেয়ে ছেলে বিশাল বাঁশফোর দ্রুত বাবাকে উদ্ধারে নিজেও নেমে যায় ও বাবাকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। বেশ কিছু সময় তাদের সাড়াশব্দ না পেয়ে উপস্থিত ব্যক্তিরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা দ্রুত এসে বাবা-ছেলের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, হরিজন সম্প্রদায়ের হৃদয় ও তার ছেলে বিশাল সুবর্ণসাড়া এলাকার একটি মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বেশ কিছুক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি তদন্ত নূরে আলম জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে হরিজন সম্প্রদায়ের ২ জন নিহতর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত