সুনামগঞ্জে হামলার ঘটনায় প্রধান আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ মার্চ ২০২১, ০৮:৩২ এএম

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাওয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামবাসীর দায়ের করা মামলার প্রধান আসামি ওয়ার্ড যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান। 

খালেদ উজ জামান দেশ রূপান্তরকে জানান, শুক্রবার রাত ৩টায় আত্মগোপনে থাকা স্বাধীনকে মৌলভীবাজারের  কুলাউড়ার একটি স্কুলের পাশ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত বুধবার হিন্দু যুবকের ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে ধরে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক হিন্দুবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

ওই ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে একটি এবং হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল আরেকটি মামলা করেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে দিরাইয়ের তাড়ল ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীনকে।

তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লা উপজেলার পার্শ্ববর্তী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের নাচনি গ্রামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত