শেষ চার টেস্টে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা। ৮ ইনিংসের কোনোবারই ২০০ পার করতে পারেনি তারা। সবচেয়ে বাজে ছিল শেষ সিরিজটা। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে সিরিজের প্রথম ইনিংসে ১৩৫ ও শেষ ইনিংসে ১২৬ করে শ্রীলঙ্কা। হোয়াইটওয়াশও হতে হয় দুই টেস্টের সিরিজে। সেই দলটি আজ থেকে অ্যান্টিগায় মুখোমুখি হতে যাচ্ছে গা-ঝাড়া দিয়ে ওঠা উইন্ডিজের সঙ্গে। এই ম্যাচ দিয়ে দুবছর পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে ক্যারিবীয়রা।
অধিনায়ক দিমুথ করুনারতেœর আশা তার দল অন্তত ২৭৫ রান করবে। করুনারতেœ লক্ষ্য স্থির করেছেন বটে, চ্যালেঞ্জ জেতা তাদের জন্য কঠিন। উইন্ডিজের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচে তার দল করেছে মাত্র ১৭২ রান। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১৩ ওভারে বিনা উইকেটে ৫৬ করে। তবুও উইন্ডিজের মাটিতে স্বাগতিকদের পেস অ্যাটাককে সমীহ করেই ২৭৫ রানের টার্গেট ঠিক করছেন করুনারতেœ। ‘উইন্ডিজ পেস অ্যাটাক সত্যি ভালো। ডিউক বল কীভাবে সুইং করাতে হয় তা তারা জানে। তবে আমার মনে হয় ম্যাচে ভালো করার জন্য ২৭৫ বা ৩০০ রান করতে হবে আমাদের। এটা খুব কঠিন, কিন্তু আমরা কীভাবে এটাতে সফল হওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি। এমন রান পেলে আমাদের বোলারদের জন্য কাজ সহজ হয়।’
এর মধ্যে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পাচ্ছে না শ্রীলঙ্কা। ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন সাবেক অধিনায়ক। করুনারতেœ বলছেন প্রস্তুতি ম্যাচের উইকেট কঠিন ছিল, ‘এখানকার উইকেটগুলো কঠিন। আগে ব্যাট করলে সমস্যা বেশি হয়। আমরা প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করেছি। এখানে বল সুইং করে আবার সেøাও হয়। এছাড়া আমরা অনেকদিন পর ডিউক বলে খেলছি। অনুশীলনও ঠিক মতো করতে পারিনি। তাই সিরিজটি ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং হবে।’
শ্রীলঙ্কা যখন ব্যাটিং সমস্যায় ভুগছে উইন্ডিজ যেন তা থেকে বেরিয়ে এসেছে। বাংলাদেশের বিপক্ষে খর্ব শক্তির দল নিয়েও হোয়াইটওয়াশের আনন্দ আছে দলটির। যা নতুন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দলকে দারুণ আত্মবিশ্বাস জোগাবে। সেই ধারাবাহিকতায় আরেকটি সিরিজ জয় অবশ্যই চাইবেন ব্র্যাথওয়েট। ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে সবশেষ সিরিজে (২০১৯) ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল তারা। কিন্তু এই সিরিজের প্রস্তুতি দারুণ হয়েছে উইন্ডিজের। দলে ফেরা শেই হোপ ৬৮ করেছেন, ৩০ করেছেন ড্যারেন ব্রাভো।
