ইসকনের সঙ্গে চুক্তি বাতিলের হুমকি প্রবর্তক সংঘের

আপডেট : ২১ মার্চ ২০২১, ০১:২০ এএম

চট্টগ্রামে প্রবর্তক সংঘের ভূমি ব্যবহারের শর্ত ভঙ্গ করলে ইসকনের সঙ্গে চুক্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন সংগঠনটি। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী।

লিখিত বক্তব্যে তিনকড়ি বলেন, ‘আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রবর্তক শ্রী শ্রী কৃষ্ণ মন্দির নির্মাণের জন্য ইসকন নামক ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে ২০০৪ সালের ১ এপ্রিল চুক্তি সম্পাদন হয়। যার ফলশ্রুতিতে বর্তমানে সুন্দর পরিবেশে মনোরম শ্রীমণ্ডিত মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রবর্তকের ভূমির প্রাতিষ্ঠানিক এবং সামাজিক উন্নয়নে আরও অধিক গুরুত্ব দিয়ে সম্পদের সদ্ব্যবহার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ জন্য কারও খেয়ালবশত এ সম্পত্তি যথেচ্ছ ব্যবহারে আমরা অনুমতি দিতে পারি না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, সহ-সভাপতি প্রফেসর রণজিৎ কুমার দে, ট্রেজারার ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, সদস্য অ্যাডভোকেট স্বভূ প্রসাদ দত্ত, ইন্দু নন্দন দত্ত, চন্দন ধর প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত