ইংল্যান্ডে বসে বাংলাদেশে হামলার উসকানি দেয়া সেই মুন্নার কারাদণ্ড

আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৯:৩৭ এএম

ইংল্যান্ডে বসে বাংলাদেশ সরকারের ওপর আক্রমণ করতে উসকানি দিয়ে অনলাইনে একাধিক পোস্ট করা সেই মুন্না হামজাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

চলতি বছরের ১৪ জানুয়ারি ৫০ বছর বয়সী মুন্নাকে নিয়ে দেশ রূপান্তরে খবর প্রকাশ করা হয়। উলউইচ ক্রাউন কোর্টে তার একদিন আগে (১৩ জানুয়ারি) তিনি দোষী সাব্যস্ত হন।

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে রবিবার বলা হয়েছে, ৩ বছরের সাজা খেটে বের হওয়ার পর আরও এক বছর তাকে নজরদারিতে থাকতে হবে।

সন্ত্রাসী হামলায় উসকানি দিয়ে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অনলাইনে তিনটি পোস্ট দেন মুন্না। পোস্টগুলোতে তিনি সাধারণ মানুষকে বাংলাদেশে আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রীর ওপর হামলার উসকানি দেন।

বাংলাদেশি কমিউনিটির এক প্রবাসী পোস্ট দেখার পর পুলিশকে জানান। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। মুন্নার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।

মুন্নার বিষয়ে তথ্য দেয়ায় কমিউনিটিকে ধন্যবাদ জানিয়েছেন মেটের কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান রিচার্ড স্মিথ। বলেছেন, ‘সাধারণ মানুষ মুন্নার বিষয়ে যেভাবে সতর্ক করেছে, তার জন্য আমি প্রশংসা করছি। সতর্কতার জন্যই তাকে আমরা এ ধরনের আরও পোস্ট দেয়া থেকে নিবৃত্ত  করতে পেরেছি।’

অভিযোগ পাওয়ার পর ২০১৮ সালের ৪ জুলাই সাউথ লন্ডনে তার কর্মস্থল থেকে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত কম্পিউটার, ফোন, মেমোরি কার্ড জব্দ করে পুলিশ।

পুলিশ বলছে, মুন্না যে ধরনের পোস্ট দিয়েছেন তা ব্রিটেনের আইন সমর্থন করে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত