ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বেড়িবাঁধের পাশ থেকে অটো চালকের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।
নিহত অটোচালক গত ২১ মার্চ থেকে নিখোঁজ ছিলেন। নিহতের নাম বাবুল হোসেন। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্লার ছেলে।
নিহতের ভাই হেলাল হোসেন জানান, প্রতিদিনের মতো ২১ মার্চ সন্ধ্যায় বাবুল অটোবাইক নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হলেও আর ঘরে না ফিরলে পুলিশকে অবহিত করা হয়।
তিনি জানান, ২৩ মার্চ ফরিদপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে এসে পরনের কাপড়ের অংশ বিশেষ ও আকৃতি দেখে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন তিনি।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, অন্যত্র হত্যা করার পর লাশের পরিচয় গোপন করতে আগুনে পোড়ানোর চেষ্টা করে থাকতে পারে দুর্বৃত্তরা।
পুলিশ পরিদর্শক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
