আশুলিয়া থেকে অপহৃত শিশু মানিকগঞ্জে উদ্ধার

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০১:৫২ পিএম

আশুলিয়ায় ৪ বছরের শিশু আসনান আদিপকে অপহরণ এবং দশ লাখ টাকা মুক্তিপণ দাবির দুই দিনের মধ্যে মানিকগঞ্জের যমুনা তীরবর্তী দুর্গম চর এলাকা হতে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় ওই এলাকার বাসিন্দা অপহরণকারী রাকিব হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বাঘুটিয়া নামক দুর্গম চরে অভিযানটি পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস দল।

উদ্ধার হওয়া আদনান আসিফ ঢাকার আশুলিয়ার দুর্গাপুর এলাকায় আল আমিনের ছেলে এবং অপহরণকারী রাকিব হোসেন সরদার (২৪) তাদের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের যমুনা নদীর তীরবর্তী দুর্গম চর পাকুটিয়ায়। 

র‌্যাব জানায়, গত রোববার আশুলিয়ার দুর্গাপুর এলাকা থেকে শিশু আসনান আদিপকে ঝাল মুড়ি খাওয়ানোর কথা বলে অপহরণ করে তাদের বাড়ির সাবেক ভাড়াটিয়া রাকিব হোসেন সরদার।

পরদিন অপহরণকারী শিশুটির পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন।

এমন লিখিত অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জের দৌলতপুর থানার বাঘুটিয়া দুর্গম চর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত শিশু আসনান আদিপ’কে উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, অপহরণকারী রাকিব সরদার আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় আয়রনম্যান হিসেবে চাকরির সুবাদে গত ৫ মাস আদিপদের টিনশেড বাসার ভাড়াটিয়া ছিল।

এক মাস আগে সেখান থেকে চলে যায়। সে সময় থেকেই মূলত শিশুটিকে অপহরণের পরিকল্পনা করতে থাকে। সে অনুযায়ী গত রোববার রাকিব সরদার বিকেলে ভিকটিম শিশুটিকে ঝাল মুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আশুলিয়ার শিশুটির নিজ বাড়ির সামনে থেকে রিকশা করে জিরাবো এলাকায় নিয়ে যায়।

পরবর্তীতে বাসে নবীনগর হয়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানাধীন উথুলি এবং সিএনজি চালিত অটোরিকশা যোগে জাফরগঞ্জ বাজারে নিয়ে যায়। সেখান থেকে ট্রলার যোগে যমুনা নদী পার হয়ে দৌলতপুর থানার দুর্গম চর বাঘুটিয়া গ্রামে উক্ত আসামির নিজ বসতবাড়িতে আটক রাখে।

অপহরণকারী শিশুটির বাবার কাছে মুক্তিপণ দাবি করেন।

এ ঘটনায় অপহরণকারীর বিরুদ্ধে আশুলিয়া থানা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত