নগরকান্দায় ধসে পড়া ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার

আপডেট : ২৪ মার্চ ২০২১, ০৭:৩৫ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী বাসস্ট্যান্ড সংলগ্ন কুমার নদের ওপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ার পর থেকে তা সংস্কারে এখনো কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সাত দিন পার হলেও সড়ক বিভাগ কোন উদ্যোগ গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

ফলে দিন দিন চরম ভোগান্তিতে পড়েছে ব্রিজ দিয়ে চলাচলরত হাজারো মানুষ। বর্তমানে কুমার নদে নৌকা দিয়ে পাড় হচ্ছেন স্থানীয়রা। তবে নৌকা ভাড়া নিয়ে নানা ক্ষোভের কথা জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে, বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়- অত্যন্ত ঝুঁকি নিয়ে ধসে পড়া ব্রিজের ওপর দিয়েই অনেকে চলাচল করছে। ধসে যাওয়া অংশে বাঁশ দিয়ে পাটাতন তৈরি ও হাতল লাগিয়ে তারা ব্রিজ পার হচ্ছে।

স্থানীয়রা অবিলম্বে এটির সংস্কার কিংবা যোগাযোগ রক্ষায় আপাতত ভাসমান ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন ।

স্থানীয় বাসিন্দা আলমাস জানান, বিগত ৮০’র দশকে কুমার নদের ওপর বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্রিজটি ধসে পড়ে। একাধিকবার বেইলি ব্রিজটির স্থানে সিমেন্টের ঢালাই ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও কোনো লাভ হয়নি।

আনিস জানান, সড়ক বিভাগের অবহেলার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। ব্রিজটি ধসে যাওয়ার সাত দিন পার হলেও সড়ক বিভাগ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

তিনি আরও জানান, জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে স্থানীয়রা। ধসে পড়া ব্রিজের ওপর দিয়ে বাঁশ ফেলে জরুরি প্রয়োজনে পারাপার হতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ব্রিজ দিয়ে চলাচলরত মানুষের।

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার রুমী জানান, ব্রিজটি ধসে পড়ার পর সেখানে নতুন করে একটি ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি খুব দ্রুতই নির্দেশনা পেয়ে যাব।

তিনি আরও জানান, স্থানীয় জনসাধারণের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জুঙ্গুরদি বাসস্ট্যান্ড ও নগরকান্দা সদরের মধ্যবর্তী কুমার নদের উপড়ে স্থাপিত বেইলি ব্রিজটি অতিরিক্ত ভার বহন করতে না পারায় ধসে পড়ে। ধাওয়াপাড়া থেকে বালুবাহী ১০ চাকার একটি ট্রাক বেইলি ব্রিজে উঠে। এরপর অপর প্রান্তে যাওয়ার আগেই ট্রাকসহ বেইলি ব্রিজটি ধসে পড়ে।

আশির দশকে নির্মিত ওই বেইলি ব্রিজটি ধসে যাওয়ায় ফরিদপুর-নগরকান্দা-মুকসুদপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে ছোট যানে কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথ ব্যবহার করছেন ভুক্তভোগীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত