ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরের প্রতিবাদে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশ সদস্যরা বাম জোটের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। পুলিশের লাঠিচার্জে আহত হন কয়েকজন।
এ ছাড়া বাম জোটের সাত নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। বুধবার বিকালে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
বাম জোটের নেতা আবু জাফর ও প্রণব জ্যোতি পাল জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেন। এসময় পুলিশ এসে কর্মসূচিতে বাধা দেয়। তখন নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ মারমুখি হয়ে ওঠে এবং ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং সাতজনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন বাম জোটের নেতা উজ্জ্বল রায়, সঞ্জয় কান্তি দাস, মনীষা ওয়াহিদ, ফাহিম, রানা, নওশিন প্রমুখ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে ঘিরে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে বুধবার বিকালে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সমানে অবস্থান নেয়। পরে তারা সড়ক বন্ধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতজনকে আটক করেছে। এদের ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
