ভৈরব নদে কবুতরের বাচ্চা তুলতে গিয়ে কার্গো শ্রমিক নিখোঁজ

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০১:৪৭ পিএম

বাগেরহাট শহরের ভৈরব নদে পড়ে যাওয়া পোষা কবুতরের বাচ্চাকে পানি থেকে তুলতে গিয়ে রাকিবুল ইসলাম লিমন (২৪) নামে এক কার্গো শ্রমিক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট শহরের ভৈরব নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজের পরপরই কার্গো শ্রমিককে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। দুপুর একটা পর্যন্ত নিখোঁজ কার্গো শ্রমিক রাকিবুলের কোনো সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল।

নিখোঁজ রাকিবুল ইসলাম লিমন মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কুরবান আলী শেখের ছেলে। তিনি এমভি প্রগতি গ্রীনলাইন-১ নামের এই কার্গোর শ্রমিক ছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (এসও) শরীফ আমিনুল ইসলাম দুপুরে ঘটনাস্থল থেকে এই প্রতিবেদককে বলেন, দুইদিন আগে বাগেরহাট শহরের ভৈরব নদের মুণিগঞ্জ ফেরিঘাট এলাকায় এমভি প্রগতি গ্রীনলাইন-১ নামের এই কার্গোটি গম নিয়ে নোঙর করে।

এই কার্গোর শ্রমিক রাকিবুল ইসলাম লিমন কবুতর পুষতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তার পোষা কবুতরের একটি বাচ্চা হঠাৎ উড়াল দিয়ে ভৈরব নদে পড়ে যায়। তখন সাঁতার জানা কার্গো শ্রমিক রাকিবুল নদীতে ঝাঁপ দিয়ে কবুতরটিকে তুলতে যান। কবুতরটিকে তুলে কূলে ফিরতে গিয়ে নদীর জোয়ারের প্রবল স্রোতে রাকিবুল পানিতে তলিয়ে যান। এ সময় কার্গোতে থাকা অন্য শ্রমিকেরা তাকে সাহায্য করতে নদীতে বয়া ফেললেও তা তিনি আর ধরতে পারেনি।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা তাকে উদ্ধারে অভিযান শুরু করেছি। চারজনের ডুবুরি দল রাকিবুলকে উদ্ধারের চেষ্টা করছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত