জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ চলাকালে করানোভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানলেন জাতীয় দলের টেস্ট পেসার ইবাদত হোসেন। সেটাও চার দিনের ম্যাচে তিন দিন খেলে ফেলার পর!
সিলেট বিভাগের হয়ে খুলনা বিভাগের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচের মাঝে করোনা আক্রান্ত হয়েছেন ইবাদত। তাই বৃহস্পতিবার শেষ দিন মাঠে নামতে পারেননি তিনি।
কোভিড বদলি হিসেবে ইবাদতের জায়গায় খেলেছেন আরেক পেসার রেজাউর রহমান।
সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, বুধবার করোনাভাইরাসের মৃদু লক্ষণ দেখা দিলে সতর্কতাস্বরূপ পরীক্ষা করানো হয় ইবাদতের। সেই পরীক্ষায় পজিটিভ আসায় আইসোলেশনে পাঠানো হয় তাকে।
সিলেট ও খুলনার ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান বলেন, ‘আজ ওর পজিটিভ ফল আসার পর বদলি হিসেবে রেজাউরকে নামানো হয়। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী লাইক-ফর-লাইক বদলি দেওয়া যায়।’
সামনে শ্রীলঙ্কা সফর। যেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ইবাদতের জন্য তাই ম্যাচ প্র্যাকটিস খুব জরুরি ছিল। কিন্তু করোনা সেই পথে বাঁধাই তৈরি করল। এর আগে টেস্ট দলের সাদমান ইসলাম করোনায় আক্রান্ত হয়ে প্রথম রাউন্ডের ম্যাচ থেকে ছিটকে যান।
করোনায় আক্রান্ত হয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন ইবাদত।
ম্যাচটা ৮ উইকেটে হেরেছে ইবাদতের দল সিলেট।
