করোনায় রাজশাহী মেডিকেলের সার্জারি চিকিৎসকের মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২১, ০৮:৩৬ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার রাতে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক মোস্তফা কামাল।

তিনি জানান, শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে চিকিৎসক আব্দুল হান্নান আইসিইউতে মারা গেছেন। শুক্রবার রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, গত মঙ্গলবার হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয় এবং অসুস্থ হয়ে পড়েন।

ওই দিন রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নেয়া হয় আইসিইউতে।

অধ্যক্ষ ডা. নওশাদ আলী আরও জানান, মঙ্গলবার সারা দিনই রোগী দেখা ও মিটিং করেছেন ডাক্তার হান্নান। কোনো সমস্যা ছিল না। হঠাৎ অসুস্থ হয়েই অবস্থা খারাপ পর্যায়ে চলে যায়।

পরীক্ষা করে দেখা যায় তার  ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। পরদিন নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ আসে।

ডা. নওশাদ বলেন, উন্নত চিকিৎসার জন্য আমরা এয়ার অ্যাম্বুলেন্সে ডা. হান্নানকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় এয়ারে নেওয়া সম্ভব হয়নি। ডা. হান্নানকে গুরুতর অবস্থায় আইসিইউতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত