মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে বুথে নৌকার সমর্থক দেখিয়ে ভোট দেয়া নিয়ে দুটি কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম হানিফ ও বিদ্রোহীপ্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
দুই পক্ষের সমর্থকরাই বোমা বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় অন্তত ২ জন আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বুধবার সকাল সাড়ে ১২টার দিকে পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১২টার দিকে শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এই ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আবির হাসান জানান, ২নং পাঙ্গাশিয়া স. প্রা. বিদ্যালয় কেন্দ্রে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ হয়। খবর পাওয়া মাত্রই আমরা এ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। পুলিশ এবং বিজিবি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এ কেন্দ্র পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
জানা যায়, সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান জানান, কালকিনি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯৫৮ জন ও নারী ভোটার ১৬ হাজার ৪৪২ জন। নির্বাচন চলাকালে একজন জুডিশিয়াল বিচারকসহ মোট ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছে।
এ নির্বচনে মোট ৬৭০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টিম, গোয়েন্দা পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৩০ জন করে পুলিশ সদস্যের পাশাপাশি প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।
এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী করছেন ৬ জন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
