আদালত অঙ্গন সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ: প্রধান বিচারপতি

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১১:৩৫ পিএম

করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করে সকলকে স্বাস্থ্য বিধি মানার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার এত বিস্তার ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

সুপ্রিম কোর্টের অবকাশের পর বুধবার আপিল বিভাগে ভার্চুয়ালি কার্যক্রম চলাকালে এ আহ্বান জানান প্রধান বিচারপতি।

বিচার কার্যক্রমের শুরুতে কোভিড মহামারি পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবারও করোনার বিস্তার ঘটছে। এখন যে ধরনটা দেখা যাচ্ছে, সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটছে। আদালত অঙ্গন সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

মহামারি বিবেচনায় পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান বিচারপতির সিদ্ধান্তে এদিন বিচারক ও আইনজীবীরা কালো কোট ও গাউন ছাড়াই আদালতে শুনানিতে অংশ নেন।

সংক্রমণ বাড়তে থাকায় সুপ্রিম কোর্টসহ দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের ড্রেস কোড নিয়ে গত মঙ্গলবার রাতে নতুন নির্দেশনা জারি করে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/ সালোয়ার-কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই। এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বুধবার ৫ হাজার ৩৮৫ জনের আক্রান্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৫২ জন মৃত্যুবরণ করেছেন বলে জানায় অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত