‘মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো’- এই স্লোগান নিয়ে রোববার থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ।
আগামী ১০ এপ্রিল পর্যন্ত দেশের জাটকা সম্পৃক্ত ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।
এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
এ সপ্তাহ সামনে রেখে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। একই দিন জাতীয় বিভিন্ন দৈনিকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সীমিত পরিসরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১’র উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, মাছের আড়ৎ, বাজারসহ জনাকীর্ণ স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম, টেলিভিশনে জাটকা সংরক্ষণের গুরত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠান প্রচার, গণযোগাযোগ অধিদপ্তরের সহায়তায় ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শন, জাটকা সংরক্ষণে হাট-বাজার ও আড়তে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা এবং ইলিশ আহরণে সম্পৃক্ত প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ।
তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় এ বছর সকল কর্মসূচি সীমিত পরিসরে পালন করা হবে।
জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস দেশের ৬টি জেলার ৫টি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে।
