গাজীপুরে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত আড়াইটার দিকে কাপাসিয়া উপজেলার চাঁদপুর এলাকার বড়কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম নজরুল ইসলাম (২৮)। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বুলুবেড় কান্দাপাড়া এলাকার আ. বাতেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, রাত দুইটার দিকে উপজেলার চাঁদপুর বড়কুশিয়া এলাকায় বাচ্চু মোড়লের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর।
বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে ডাক-চিৎকার করতে থাকেন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে নজরুল ইসলামকে ধরে পিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে নজরুল ইসলাম মারা যান। এ সময় তার সঙ্গে থাকা অপর চোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে।
