খুলনার তেরখাদায় তানিশা আক্তার (৫) নামে এক শিশুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছাগলাদহ ইউনিয়নের আড়কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির সৎমা তিথি আক্তার মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানিশা একই গ্রামের খাজা শেখের মেয়ে। তিনি বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, সাত বছর আগে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন খাজা শেখ। এরপর ওই দম্পতির সংসারে তানিশার জন্ম হয়। কিন্তু দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে দেড় বছর আগে মুক্তাকে বিয়ে করেন খাজা। কিন্তু কোনোভাবেই তার মেয়ে তানিশাকে মেনে নিতে পারছিল না সৎ মা মুক্তা। রাত ১০টার দিকে ঘুমন্ত অবস্থায় তানিশাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় মুক্তা। তেরখাদা থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
