নীল নদের বাঁধ নিয়ে তিন দেশের আলোচনা ব্যর্থ

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১১:৪৯ এএম

নীল নদের ওপর বিশাল বাঁধ তৈরি করেছে ইথিওপিয়া। আর সেই গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (জিইআরডি) নিয়েই আপত্তি সুদান ও মিশরের।

এ বাঁধ নিয়ে তিন দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো সমাধান আসেনি।

ইথিওপিয়ার দাবি, তাদের অর্থনৈতিক উন্নতি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধ খুব জরুরি।

কিন্তু মিশর মনে করে, এর ফলে নীল নদের পানি কমে যাবে। সুদানও মনে করছে, তাদের দেশে পানিপ্রবাহ কমে যাবে। তারা ড্যামের নিরাপত্তা নিয়েও চিন্তিত। দুই দেশই মনে করে, ইথিওপিয়া আন্তর্জাতিক আইন মানেনি।

ডিআর কঙ্গোতে তিন দেশের প্রতিনিধিরা বাঁধ নিয়ে আলোচনায় বসেছিলেন। মঙ্গলবার আলোচনা শেষ হয়েছে। কিন্তু বিরোধ মেটেনি।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সুদান আন্তর্জাতিক মধ্যস্থতার প্রস্তাব করেছিল। কিন্তু ইথিওপিয়া তা মানেনি। যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ কারো মধ্যস্থতাই তারা মানতে রাজি নয়।

ইথিওপিয়ার দাবি করছে, এই বাঁধ তাদের আর্থিক উন্নয়নের জন্য জরুরি। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, এর থেকেই বোঝা যাচ্ছে, বিরোধ মেটানোর কোনো ইচ্ছাই নেই ইথিওপিয়ার।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইথিওপিয়া একতরফা বাঁধ বানিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তারা আলোচনায় অনড় মনোভাব নিয়েছে। ফলে এই এলাকার মানুষ বিপদে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত