নীলনদে নৌকাডুবিতে নিহত ২১

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম

সুদানের উত্তরাঞ্চলের নীল নদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থাটি এএফপি এর সূত্রমতে, রিভার নাইল স্টেট সরকার বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করার খবর নিশ্চিত করেছে। 

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় নৌকাটিতে ৩০ আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। শেনদি এলাকায় প্রবল ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।

সুদান ডক্টর্স নেটওয়ার্ক জানায়, নৌকাটি তায়বা আল-খাওয়াদ ও দেইম আল-কারাই গ্রামের মধ্যে চলাচল করছিল। এতে নারী, শিশু ও বয়স্কসহ প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। এর আগে সংগঠনটি জানায়, ছয়জন জীবিত উদ্ধার হয়েছেন।

সংগঠনের মুখপাত্র ডা. মোহাম্মদ ফয়সাল হাসান বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নদীপথে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও তদারকির অভাব এ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। বিশেষায়িত উদ্ধারকারী দল ও সরঞ্জাম মোতায়েনের আহ্বান জানিয়েছে চিকিৎসক নেটওয়ার্কটি।

উল্লেখ্য, সেতুর স্বল্পতার কারণে গ্রামীণ এলাকায় নীল নদের ওপর পারাপারে ঐতিহ্যবাহী নৌযান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে জর্জরিত থাকায় অবকাঠামো ও জরুরি সেবাখাতও চাপে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত