করোনায় আক্রান্ত বর্ষীয়ান রাজনীতিক ও তাত্ত্বিক বদরুদ্দীন উমর এবং তার স্ত্রী সুরাইয়া হানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ তথ্য জানিয়েছেন শিক্ষক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
গত বৃহস্পতিবার উমর ও সুরাইয়ার কভিড-১৯ টেস্ট পজিটিভ আসে। প্রথমে বাসায় চিকিৎসা নিলেও পরে তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার সকালে আনু মুহাম্মদ এ দম্পতির সর্বশেষ শারীরিক অবস্থা ফেইসবুকের মাধ্যমে অবহিত করেন।
তিনি লেখেন, “বদরুদ্দীন উমর এবং সুরাইয়া হানমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। ৮ এপ্রিল উমর ভাই প্রেশার কমে যাওয়া, শ্বাসকষ্ট আর খাবারের অনিচ্ছার কথা বলছিলেন, করোনা শনাক্ত হবার পর খুবই দুশ্চিন্তার বিষয় হলো, কিন্তু হাসপাতাল খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক রাতে গণস্বাস্থ্য ও বারডেমে অস্থায়ীভাবে সিট পাওয়া গেল। রাতেই তারা ভর্তি হলেন বারডেমে। ভর্তির সময় ছিলেন তাদের ছেলে সোহেল আবদুল্লাহ, জোনায়েদ সাকি ও তাসলিমা আক্তার। পরদিন থেকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য একজন পাওয়া গেছে, বিকেলে স্থানান্তরিত হয়েছেন বিএসএমএমইউ বা পিজিতে।”
“তাদের চিকিৎসা চলছে। উমর ভাইয়ের মনোবল অনেক শক্ত। আশা করি দুজনই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন”, বলেন আনু মুহাম্মদ।
